জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১০ এপ্রিল, শুক্রবার হাম থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে জনসচেতনতার জন্য জুমআর প্রাক-খুতবায় বক্তব্য প্রদান করেন পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ। তিনি বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ দেখা দিয়েছে। হাম একটি ভাইরাসজনিত রোগ, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে। যার ফলে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।
হাম রোগের লক্ষণগুলো হলো: উচ্চ জ্বর (৩-৫ দিন থাকতে পারে), শরীরে লাল ফুসকুড়ি (প্রথমে মুখে, পরে সারা শরীরে ছড়ায়), কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া বা পানি পড়া, খাওয়ার অনীহা বা দুর্বলতা।
হাম থেকে সুরক্ষার উপায়গুলো হলো: শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে হাম-রুবেলা (এমআর) ১ম ডোজ এবং ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ টিকা নিশ্চিত করতে হবে।
২ বছরের কম বয়সি যে সকল শিশু হাম-রুবেলা (এমআর) টিকা এখনো গ্রহণ করেনি, তাদের জন্য অতি দ্রুত এই টিকা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘হাম প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় সময়মতো শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করা। সম্পূর্ণ সুরক্ষা পেতে শিশুকে অবশ্যই দুই ডোজ টিকা দিতে হবে।’
এসময় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার: 
























