জয়পুরহাট জেলাধীন কালাই ডায়াবেটিক সমিতির আয়োজনে ১৪ নভেম্বর, শনিবার সকালে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ পালন উপলক্ষ্যে কালাই ডায়াবেটিক সমিতিতে ৪ ঘণ্টার ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২: কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর)। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ এস.এম. নাহিদ আমিন।
অপরদিকে দিবসটি উপলক্ষ্যে র্যালির পর কালাই উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত সমিতির সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে, শিরট্টি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় এবং হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মোঃ সেলিম রেজার পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালাই ডায়াবেটিক সমিতির সেক্রেটারি, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোঃ আবুল খায়ের গোলাম মাওলা (স্বত্বাধিকারী মেসার্স রিভা ট্রেডার্স ও মেসার্স এম আর ফিলিং স্টেশন কালাই, জয়পুরহাট)।
এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি। বিশেষ অতিথিদ্বয়ের বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সহকারী একান্ত সচিব মোঃ শওকত ওছমান শামীম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ওসি মোঃ সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ও যুগ্ম আহ্বায়কদ্বয় মোঃ মৌদুদ আলম এবং রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীমহল।
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার: 





















