মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ চাউলের উপকারভোগী তালিকা প্রণয়নকে কেন্দ্র করে ইউপি সদস্যের উপর হামলার ঘটনা ফেজবুকে পোস্ট করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) উপজেলার গোয়ালদা বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক বিকাশ বাছাড় দারিয়াপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত বিরোধে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট করেন।বিষটি জানার পর রফিকুল ইসলাম ও প্রদীপ সাংবাদিক বিকাশ বাছাড় এবং তার সহকর্মী সাংবাদিক মুজাহিদ শেখকে মোবাইল ফোনে গোয়ালদা বাজারে আসতে বলেন।
পরবর্তীতে তারা মোটরসাইকেল যোগে গোয়ালদা বাজারে পৌঁছালে, মো. ফরমান খানের দোকানের সামনে মতিউর রহমান বাবু ও তার ছোট ভাই আকিদুল ইসলাম আখির এবং শ্যামল বিশ্বাস,সাংবাদিক বিকাশ বাছাড় ও তার সহকর্মীর ওপর অতর্কিত হামলা চালান হয় বলে জানান সাংবাদিক বিকাশ বাছাড় ।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান এবং মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো:ফারুক আহমেদ,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো:ইউনুস আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মতিউর রহমান বাবুর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাগুরা প্রতিনিধি 














